
গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রবাসী দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিটি করপোরেশনের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে দুবাই প্রবাসী আকতার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই একই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইতালি প্রবাসী হাসিফুর রহমান মিম (২৭)।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এলাকাবাসীর বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতে দুই ভাই দত্তপাড়ার মাতব্বর বাড়ি এলাকায় টিভিতে খেলা দেখছিল। এসময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনিরা বেগম জানান, আকতার ও হাসিফুরের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ওসি ফিরোজ তালুকদার আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে এবং হত্যাকরীদের ধরতে অভিযান চলছে।
পি/এমকে




