
দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরের কাঁকড়া নদীর বেইলি ব্রিজ ভেঙে মালবাহী একটি ট্রাক (চুয়াডাঙ্গা-ট ১১-০২৫৪ নম্বর) ৭০০ বস্তা সারসহ নদীতে পড়ে গেছে। এর ফলে চিরিরবন্দর ও পাবর্তীপুর উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এছাড়া ব্রিজের দুপাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল সাতটার দিকে দিনাজপুর-চিরিরবন্দর সড়কের কারেন্টহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন আরটিভি অনলাইনকে বলেন, ‘সেতুর পাশের বালুচর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এসময় হঠাৎ বিকট শব্দ শুনে দেখি একটি সার বোঝাই ট্রাক ব্রিজের মাঝখানে পৌঁছামাত্র ভেঙে পড়েছে।’ পরে স্থানীয়রা ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করে বলেও জানান লোকমান হোসেন।
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মমিনুর রহমান আরটিভি অনলাইনকে জানান, ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এর দুই পাশে সিগন্যাল সাইনবোর্ড লাগানো রয়েছে। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্তু দুর্ঘটনাকবলিত ট্রাকটি ৩৫টন সার নিয়ে ব্রিজের ওপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে।
তিনি আরো জানান, ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য জাইকা প্রকল্পে টেন্ডার হয়েছে। আগামী এক মাসের মধ্যে ব্রিজটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
জেবি/পি




