
বৃহস্পতিবার রংপুর সিটিতে ভোট হবে। আজ মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে নির্বাচনী প্রচার। তাই কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা।
এদিকে ভোটকে সামনে রেখে রংপুর সিটি করপোরেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী সদস্যদের পাশাপাশি কাজ করছেন গোয়েন্দা সদস্যরা।
অন্যদিকে নির্বাচনী এলাকার বাইরে থেকে আসা মানুষকে এলাকা ছাড়তে বলা হয়েছে। হোটেল-মোটেলগুলোতে কাউকে কক্ষ ভাড়া না দেয়ার নির্দেশনা আরোপ করা হয়েছে।
এই নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে মোট ১৯৩টি কেন্দ্রে নেয়া হবে ভোট। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর আশপাশে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ ও ১৪ জন করে আনসার সদস্য থাকবে। আর সাধারণ কেন্দ্রে আট জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য থাকবে। এ ছাড়া প্রতি ওয়ার্ডে র্যাবের একটি করে দল থাকবে বলে জানা যায়।
পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, নগরীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটনার শঙ্কা নেই।
এ নির্বাচনে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে রয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ জন পুরুষ ভোটার এবং ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন নারী ভোটার।
নির্বাচনে মেয়র পদে সাত জন এবং সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১১ জন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারই প্রথম দলীয় প্রতীকে হচ্ছে মেয়র নির্বাচন।
এসএস




