
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটযুদ্ধ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে একযোগে ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তারপর খানিক বিরতি দিয়ে শুরু হবে ভোট গণনা।
এদিকে এই সিটি নির্বাচনে সাতজন মেয়র, ৬৫ জন সংরক্ষিত ও ২১১ জন সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন উপলক্ষে বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমানে রংপুরে অবস্থান করছেন। তিনি সকাল সাড়ে নয়টার দিকে শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
একই কেন্দ্রে ভোট দেয়ার কথা রয়েছে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা তার নিজ মহল্লার সালেমা বালিকা উচ্চবিদ্যালয় ভোট দেবেন। জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ভোট দেবেন আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।
আওয়ামী লীগ মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নিজ এলাকায় গুপ্তপাড়ার সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা দেওয়ান টুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচনকে ঘিরে ভিন্ন এক নগরী এখন দেখছেন নগরবাসী। নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রতি তিনটি ওয়ার্ডে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
নির্বাচন উপলক্ষে নগরীতে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বহিরাগতদের নগরী ছেড়ে চলে যেতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রংপুর নগরীর সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আধা সরকারি সংস্থা, সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসএস




