
রংপুর সিটি নির্বাচন ইসির জন্য পরীক্ষা এ পরীক্ষায় তাদের উত্তীর্ণ হতে হবে। তারা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে পারে কিনা তা দেখা যাবে। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি নগরীর শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় একই কেন্দ্রে ভোট দেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের।
ভোটকেন্দ্র থেকে বের হয়ে এরশাদ বলেন, এখানে কোনো অনিয়ম হচ্ছে না। আশা করছি লাখো ভোটের ব্যবধানে আমরা জিতব। এটা নির্বাচন কমিশনের জন্য একটা পরীক্ষা। তাই নিজেদেরকে প্রমাণ করার জন্যই এই নির্বাচন সুষ্ঠু হবে।
তিনি আরো বলেন, রংপুরে লাঙ্গল এর পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে আজকের নির্বাচন যথেষ্ট প্রভাব ফেলবে। এ নির্বাচনে জাতীয় পার্টি উজ্জীবিত হয়েছে।
আজ সকাল ৮টা থেকে ১৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।
এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমসি/এসএস




