
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ফলাফলকে কেন্দ্র করে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া আরটিভি অনলাইনকে জানান, গতকাল বৃহস্পতিবার নগরীর ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ঘুড়ি প্রতীকের মঞ্জুম কুটিয়ালকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। পরে মধ্যরাতে মঞ্জুমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানিক মিঞাকে ১ ভোটে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ ঘটনায় রাত থেকে সকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। শুক্রবার সকালে ঘুড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা নগরীর সিগারেট কোম্পানি থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরে ঢোকার চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করেছে ।
জেবি/পি




