
নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে ওই গ্রামের নসরউদ্দিনের পুকুরপার সংলগ্ন আলমগীরের দোকানের সামনের রাস্তার পাশ থেকে সেনবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের নাম মো. জাহাঙ্গীর আলম (৬৬)। তিনি ওই উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের ওয়াসিল ভূঁইয়া বাড়ির মৃত আবদুল হালিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের নসরউদ্দিনের পুকুরপাড় সংলগ্ন আলমগীরের দোকানের সামনের রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা সেনবাগ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, মো. জাহাঙ্গীর আলম নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
জেবি/পি




