
জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খাগড়াছড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী।
শনিবার সন্ধ্যায় জেলা সদরের কুমিল্লা টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জোবেদা আক্তার (১৩)। সে ওই এলাকার মৃত লিয়াকত আলীর মেয়ে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এবার কুমিল্লা টিলা এলাকার কে আই জুনিয়র হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয় জোবেদা। শনিবার ঘোষিত ফলাফলে সে অকৃতকার্য হয়। পরে সন্ধ্যার দিকে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
জোবেদা আক্তারের বড় ভাই আমির হোসেন আরটিভি অনলাইনকে জানান, পরে ঘরের দরজা ভেঙে দেখা যায় সিলিংয়ের সঙ্গে রশি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জোবেদা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই আমির হোসেন থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।
তবে এ বিষয়ে কে আই জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
জেবি/পি




