
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মনির হোসেন (৩৫)।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গুবিষয়ক ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
মৃত মনির টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেটবাড়ি এলাকার মো. আব্দুল বাছেরের ছেলে।
ডা. মহিউদ্দিন বলেন, বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মনির হোসেন। পরে রাত দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরও বলেন, হাসপাতালে বর্তমানে ২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী চার ও শিশু একজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২ জন। ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
আরটিভি/এমকে




