
ঢাকার সাভারে পৃথক অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৫ কেজি গাঁজা ও ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে আটক ব্যক্তিদের পৃথক মামলায় আদালতে পাঠানো হয়। সাভার মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।
তিনি জানান, মঙ্গলবার রাতে ভাকুর্তার চুনারচর এলাকার তালতলা সড়কের পাশে টহলরত পুলিশ সন্দেহভাজন হিসেবে মনির, আরিফ ও হৃদয় নামের তিনজনকে আটক করে। তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি বড় ছোরা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে স্বীকার করেছেন।
অন্যদিকে, সাভারের কাউন্দিয়া মধ্যপাড়া এলাকা থেকে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হলেও অভিযানের সময় পালিয়ে যান মাদক ব্যবসায়ী জোহারুল। এ ছাড়া কোন্ডারপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ ফালান (৪৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, মাদক ও ছিনতাই নির্মূলে পুলিশের এমন অভিযান চলমান থাকবে।
আরটিভি/এএএ




