
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলোকদিয়া গ্রামে পুকুরের পানিতে ভেসে উঠেছে সৌদি প্রবাসী এক ব্যক্তির মরদেহ।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আলোকদিয়া মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম খলিলুর রহমান নিকেল (৪৫)। তিনি ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ করে পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে কাছে গিয়ে নিশ্চিত হন, এটি খলিলুর রহমান নিকেলের দেহ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
নিহত নিকেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম তিনি। ছুটিতে বাড়ি এসে এমন পরিণতি যেন কেউ মেনে নিতে পারছে না।
খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা- তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
আরটিভি/কেএইচ




