
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিল্লাজেরগো বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল একই বাড়ির আলী আকবরের ছেলে।
চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৫-৬ বছর আগে সৌদি আরবে যান সাইফুল। সেখান থেকে ২-৩ মাস আগে ছুটিতে দেশে ফেরেন। আগামী ২৫ আগস্ট তার পুনরায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের ঘরে বৈদ্যুতিক তার মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান সাইফুল।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসীর মাধ্যমে খবর পাই। পরে সেখানে পুলিশ পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরটিভি/আইএম




