
বাংলাদেশ চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান রিঙ্কু (৪০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) মিলের স্কুলের এক অনুষ্ঠানস্থলেই স্টোক করেন তিনি। তাৎক্ষণিক চিকিৎসার উদ্দেশ্যে যশোরে নেওয়ার সময় দুপুর দুইটার দিকে মারা যান তিনি।
শফিকুর রহমান রিঙ্কু কালীগঞ্জ পৌরসভা এলাকার চিনিকল-সংলগ্ন বলিদাপাড়া গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে।
মিলের সিবিএ নেতা ও বলিদাপাড়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, দুপুরে মিলের ট্রেনিং সেন্টারে মোবারকগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা চলছিল। ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিংকু। দুপুর একটার দিকে হঠাৎ করেই তার বুকে ব্যথা ওঠে। এ সময় সহকর্মীরা তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর অবস্থার অবনতি হলে দুপুর দুইটার দিকে যশোর সদর হাসপাতালে পথে তার মৃত্যু হয়।
রিংকু মোবারকগঞ্জ চিনিকলের ইক্ষু বিভাগে কর্মরত ছিলেন। এক ছেলে ও এক মেয়ের বাবা রিংকু মৃত্যুকালে স্ত্রী ও মাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
একইদিন বুধবার রাত ৯টায় বলিদা পাড়া কওমি মাদরাসা প্রাঙ্গণে তার জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
আরটিভি/এস




