
বাংলাদেশে সংস্কার ও বিচার হোক ভারত তা চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও দৃশ্যমান বিচার ব্যবস্থা গড়ে উঠলে পাশের দেশ ভারত বাংলাদেশকে আর গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে পারবে না।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও বিচার প্রক্রিয়া চালুর আগেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। অথচ জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন কিংবা চোখ হারিয়েছেন তাদের ভাষা সরকার বোঝে না। এসব হত্যাকাণ্ডের বিচার না করে শুধু নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে। এ নিয়ে কেউ কথা বললেই যারা ক্ষমতায় যেতে চায়, তারা বলে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন পেছাতে চায়। এটি সম্পূর্ণ মিথ্যা ও অযৌক্তিক।
২০০৮ সালের জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘পিআর পদ্ধতি’ এর দাবি তুলেছিল উল্লেখ করে চরমোনাই পীর বলেন, দেশের জনগণের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এই পদ্ধতির গুরুত্ব যারা বোঝে না, তাদের দেশ পরিচালনারও যোগ্যতা নেই।
তিনি বলেন, বিএনপির দেশে ২০ শতাংশও ভোট নেই বলেই তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম। আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম এবং জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোকলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিভিন্ন দাবি তুলে ধরে একটি গণমিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।
আরটিভি/এমকে




