
ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার (ওসি) মো. মনিরুজ্জামান।
পুলিশের ধারণা, চিঠিটি পলাশেরই লেখা, যেখানে তিনি কঠিন জীবনে নিজের ব্যর্থতা ও যন্ত্রণার কথা বলে আত্মহত্যার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
পলাশ সূত্রধর বরিশাল জেলার মুলাদী উপজেলার তেরচড় গ্রামের বাসিন্দা সুধীর সূত্রধরের ছেলে। তিনি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্র্যান্ডের টিস্যু পণ্যের বিক্রয় প্রতিনিধি পদে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। মাত্র তিন মাস আগে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়।
ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে, এতে লেখা, ‘এই জীবন খুবই কঠিন। আমি আমার ব্যর্থতার যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিবেন, মেহেদি ভাই, এম কে ট্রেডার্স।’
এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরটিভি/টিআই




