
টাঙ্গাইলের ভূঞাপুরে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০ মিষ্টির দোকানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। এ সময় বিএসটিআই'র প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, বিএসটিআইয়ের কাছে অভিযোগ ছিলো ভূঞাপুর মিষ্টির দোকানগুলোতে ওজনে কম দেওয়া হচ্ছে এবং মূল্য তালিকা রাখা হচ্ছে না। পরে তাদের সঙ্গে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে দোকানগুলোতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ২ কেজি দইয়ের মধ্যে মাটির পাতিলের ওজন ১ কেজি ২০০ গ্রাম আর দই পাওয়া যায় মাত্র ৮০০ গ্রাম।
এ ছাড়া মিষ্টি বিক্রির কাগজের মোড়কের ওজনও বেশি পাওয়া যায়। এ সময় ১০ মিষ্টির দোকানদারকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরটিভি/এমএ/এস




