
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে চোরের হেদায়েত কামনায় এক ব্যতিক্রমী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে স্থানীয় যুবক আলামিন জোমাদ্দার সবুজের উদ্যোগে এ আয়োজন হয়। এতে গ্রামবাসী অংশ নেন।
জানা যায়, প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি যায়। প্রথমে দুশ্চিন্তায় পড়লেও পরে তিনি ভিন্নভাবে বিষয়টি দেখার চেষ্টা করেন। তার মতে, লোভ বা ভুলের কারণে মানুষ অপরাধে জড়িয়ে পড়ে। তাই শত্রুতা না করে বরং আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত, যাতে অপরাধীরা তাদের ভুল বুঝতে পারে ও সৎ পথে ফিরে আসে।
এই বিশ্বাস থেকে তিনি মাইকিং করে সবাইকে আমন্ত্রণ জানান এবং মিলাদ ও দোয়ার আয়োজন করেন। এলাকাবাসী তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণত মানুষ চোরকে অভিশাপ দেয়, কিন্তু এমন আয়োজন সমাজে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করবে।
আলামিন জোমাদ্দার সবুজ বলেন, চোর হয়তো অভাব বা প্রলোভনে অপরাধ করেছে। আমি যদি তাকে নিয়ে কটূক্তি করি তবে আমার আর তার মধ্যে তফাৎ থাকে না। আমি চাই সে ভুল বুঝুক, সৎ পথে ফিরে আসুক। আমার এই প্রয়াস সমাজে নৈতিকতার ইতিবাচক পরিবর্তন আনুক।
স্থানীয়রা মনে করছেন, এ আয়োজন শুধু এলাকায় নয়, বৃহত্তর সমাজেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
আরটিভি/এমকে




