
নেত্রকোণায় কথা-কাটাকাটির জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৫ অক্টোবর) রাতে মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হারুন চৌধুরী (৬০)। তিনি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা ও ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত। কৃষিকাজের জন্য শ্রমিকের খোঁজে রোববার সন্ধ্যায় রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন। রাত সাড়ে আটটার দিকে সেখানে কৃষক মো. শাহাবুদ্দিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
এ সময় শাহাবুদ্দিনের পক্ষের কয়েকজন মিলে হারুনকে মারধর করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা পলক চৌধুরীর বলেন, শাহাবুদ্দিন কয়েকজন লোক নিয়ে আমার চাচাকে মারধর করে। পরে খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে চাচাকে মৃত অবস্থায় পাই।
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি করছি।
এদিকে অভিযুক্ত শাহাবুদ্দিনকে কল করলে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। হারুনের মৃত্যুর খবরে তিনি গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তায়েব হোসেন বলেন, হারুন চৌধুরী নামের এক কৃষককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েক ব্যক্তি। মৃত ব্যক্তির শরীরে আঘাতের কিছু চিহ্ন আছে।
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ গণমাধ্যমকে বলেন, একজন কৃষককে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কৃষকের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ সোমবার নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।
আরটিভি/আইএম




