
জামালপুরের বকশীগঞ্জে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম দফাদার (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
নিহত নজরুল ইসলাম দফাদার ওই ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মির্ধাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে হেঁটে বাড়ি ফিরছিলেন নজরুল ইসলাম দফাদার। পথে পেছন দিক থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান।
আরটিভি/এমকে




