
গাজীপুরের কালিয়াকৈরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে জাটকা ও মা ইলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মৎস্য আড়তে ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে এই পরিস্থিতিতেও বাজার মনিটরিংয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার তেমন কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় আড়তদার ও ব্যবসায়ীরা প্রকাশ্যে জাটকা ও মা ইলিশ বিক্রি করছেন। এসব মাছ কিনতে উপজেলার বিভিন্ন বাজারের বিক্রেতারা ভিড় করছেন। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর মৎস্য আড়তে ‘জয় দুর্গা মৎস্য’ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে জাটকা ও মা ইলিশ বিক্রি করতে দেখা যায়।

এ ছাড়াও উপজেলার চন্দ্রা ও সফিপুরসহ বিভিন্ন আড়তে একইভাবে নিষিদ্ধ মাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, শুধু ইলিশ নয়, প্রায় প্রতিটি হাটবাজারেই এখন নিষিদ্ধ পিরানহা মাছও প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ মাছ বিক্রির এমন চিত্র প্রতিদিন চোখে পড়লেও উপজেলা মৎস্য কর্মকর্তারা বাজার মনিটরিংয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
কালিয়াকৈর মৎস্য আড়ৎ সমিতির সভাপতি ফরিদ হাসান বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, তা আমার জানা ছিল না। তবে শুক্রবার সকালে আড়তে গিয়ে বিষয়টি খতিয়ে দেখব।

কালিয়াকৈর উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, যে মাছগুলো বিক্রি হচ্ছে, সেগুলো সার্ডিন প্রজাতির, স্থানীয়ভাবে চন্দনা বা নার্কিলা ইলিশ নামে পরিচিত। এগুলো জাটকা নয়। তবুও কেউ যদি নিষিদ্ধ ইলিশ বিক্রি করে থাকে, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমকে




