
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত যে নরসিংদীতে দুটি সচল সার কারখানা ভেঙে একটি করেছে, আর সেটি নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।
রোববার (১২ অক্টোবর) নরসিংদীর পলাশে ঘোড়াশাল–পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
ড. মঈন খান বলেন, দুর্নীতির জন্যই তারা সচল দুটি সার কারখানা ভেঙে নতুন প্রকল্প হাতে নেয়। ঘোড়াশাল–পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধনের সময় সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। প্রকৃতপক্ষে কারখানাটি তখনও উৎপাদনে আসেনি, অন্য কারখানা থেকে সার এনে উদ্বোধনের নামে ‘উৎপাদন চালুর’ নাটক দেখানো হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে প্রকৃত অর্থে উৎপাদনশীল রাষ্ট্রে পরিণত করতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। যে বৈষম্য দূর করতে লাখো মানুষ জীবন দিয়েছিল, আজও সেই বৈষম্য রয়ে গেছে। আগামীতে যদি বিএনপি সরকারে আসতে পারে, তবে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের মাধ্যমে দেশের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।
সমাবেশে ঘোড়াশাল–পলাশ আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— পলাশ উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, নরসিংদী বাস–ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা এবং ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরটিভি/এমকে




