
কুষ্টিয়ার ভেড়ামারা রেল স্টেশনের সন্নিকটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিকল হয়ে পড়ে ইঞ্জিন।
রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার রাজীব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি টুঙ্গিপাড়া অভিমুখে যাওয়ার প্রাক্কালে ভেড়ামারা স্টেশনের সন্নিকটে ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। সঙ্গে সঙ্গে ট্রেনটি থামানো হলে যাত্রীরা আতঙ্কে দ্রুত নেমে পড়েন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে, যাত্রীদের মধ্যে এক পর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের কর্মীরা নিজস্ব অগ্নি নির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন আংশিক কমিয়ে আনেন। পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ভেড়ামারা রেলওয়ে স্টেশনের ২ নম্বর ডাউন লাইনটি ব্লক হয়ে যায়। তবে ১ নম্বর আপ লাইন দিয়ে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তারা পৌঁছানোর আগেই ট্রেনের কর্মীরা আগুন অনেকটা নিভিয়ে ফেলেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আগুনে ইঞ্জিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে ঈশ্বরদী থেকে বিকল্প একটি ইঞ্জিন এনে রাত প্রায় ৮ টার দিকে ট্রেনটি নতুন করে যাত্রা শুরু করে।
আরটিভি/একে




