
খুলনায় স্ত্রীর সঙ্গে বিশ্রাম নেওয়ার সময় বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে খুলনা নগরীর কাস্টম ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম সোহেল শিকদার (৩২)। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মিশনবাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে, তবে অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল স্ত্রী ও সন্তানের সঙ্গে ভাড়া বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা ঘরে ঢুকে সোহেলের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার চোখের নিচে বিদ্ধ হয়। সোহেলের স্ত্রীর চিৎকারে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সোহেলের বিরুদ্ধে একটি হত্যা, একটি মাদক ও একটি নারী নির্যাতনের মামলা রয়েছে। তিনি এসব মামলায় জামিনে ছিলেন। সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে ছিলেন। মাদক-সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে গত ৩ আগস্ট একই এলাকায় সোহেলকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। সেবারও তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন, তবে তখন তিনি কোনো মামলা করেননি।
উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে খুলনা নগরীতে চারটি খুনের ঘটনা ঘটেছে। গত ৬ অক্টোবর কাস্টম ঘাট এলাকায় ইমরান মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়।
আরটিভি/এসকে




