
নেত্রকোণায় অনৈতিক কাজ করার সময় এক নারীসহ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে হাতেনাতে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নারীসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতের নাম শ্রীকান্ত সরকার। তিনি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সান্দিকোনা ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ও টাঙ্গাইলের ঘাটাইল কদমতলী ইউনিয়নের গারদটু গ্রামের মৃত সূর্যকান্ত সরকারের ছেলে।
অন্যদিকে আটককৃত নারী চার সন্তানের জননী। তিনি নেত্রকোণার পূর্বধলার জারিয়া ইউনিয়নের গোজালিকান্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর স্বাস্থ্যকেন্দ্রের মূল দরজার তালা ভেঙে এক নারীকে নিয়ে কক্ষে প্রবেশ করেন শ্রীকান্ত। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়।
সান্দিকোনা ইউনিয়নের গ্রাম পুলিশ রিয়াজুদ্দিন বলেন, শুক্রবার দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা দুজনকে আটক করেছে। পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
কেন্দুয়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান বলেন, শ্রীকান্ত সরকারকে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের জন্য আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল।
তিনি আরও বলেন, আজকের (১৭ অক্টোবর) বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে অফিসিয়ালি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, অনৈতিক কাজের দায়ে নারীসহ এক স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম




