
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় মৌমাছির কামড়ে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা সবাই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে মাহফুজ (১০), মাহদী (১০), হাবিব (১১), ইউসুফ (১০), জাহিদ হাসান (১২) ও রিফাত (১১) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্র ও আহত শিক্ষার্থীরা জানায়, দুপুরে ক্লাসের ফাঁকে কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের একটি কক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল। এ সময় কেউ একজন বিদ্যালয়ের দেয়ালে থাকা মৌচাকে ঢিল ছুড়লে অসংখ্য মৌমাছি ছুটে এসে শিশুদের শরীরে হুল ফুটিয়ে দেয়।
এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক মো. রাসেল বলেন, দুপুরে হঠাৎ শিক্ষার্থীদের চিৎকার শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি তাদের শরীরে মৌমাছি কামড় দিয়েছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, দুপুরে সাতজন শিক্ষার্থী হাসপাতালে আসে। তাদের শরীরের বিভিন্ন স্থানে মৌমাছির একাধিক হুল ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
আরটিভি/ এমএ




