
খাগড়াছড়িতে কান্নার শব্দ শুনে ড্রেনের কচুরিপানার ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী।
সোমবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে পূর্ব শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা তানভির হোসেন রাকিব বলেন, আমি এলাকায় চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ কান্নার শব্দ শুনে ড্রেনের দিকে যাই, দেখি একটি নবজাতক পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়ার ঘণ্টাখানেক আগে শিশুটির জন্ম হতে পারে।
এদিকে এখন পর্যন্ত শিশুটির পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় মিনু চৌধুরী, তানভির হোসেন রাকিবসহ বেশ কয়েকজন তার দেখভাল করছেন।
স্থানীয়রা শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।
আরটিভি/আইএম




