
সিলেট বিভাগের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নতুন ট্রেন চালুর দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেলস্টেশনে মানববন্ধন করা হয়েছে। এতে অংশ নেন স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে সিলেট বিভাগের প্রবেশদ্বার হরষপুর রেলস্টেশন এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল রহমান টিটু।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সাদেকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির মিয়া, সমাজসেবক শফিকুর রহমান, মুক্তার হোসেন, মাওলানা রোকন উদ্দিন, তৌহিদ মিয়া মাস্টার, জাহিদুল ইসলাম, হাসান খান, মুজিবুর রহমান এবং ধর্মঘর বাজার কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট বিভাগের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ এখনও উন্নত হয়নি। প্রতিদিন হাজারো মানুষ এই রুটে চলাচল করলেও মাত্র দুটি আন্তঃনগর ট্রেন চলায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তারা ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম রুটে নতুন ট্রেন চালু, শায়েস্তাগঞ্জ–ঢাকা কমিউটার ট্রেন পুনরায় চালু এবং হরষপুর রেলস্টেশনে পারাবত এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, একসময় হরষপুর ছিল মাধবপুর উপজেলার অন্যতম ব্যস্ত রেলস্টেশন। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও কর্তৃপক্ষের অনীহায় এটি এখন প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছে। নতুন ট্রেন ও পারাবতের স্টপেজ চালু হলে স্থানীয়দের যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং পুরো অঞ্চলের অর্থনীতিতে প্রাণ ফিরে আসবে।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হরষপুর রেলস্টেশনকে পুনরুজ্জীবিত করা শুধু একটি এলাকার দাবি নয়—এটি এখন সময়ের দাবি।
আরটিভি/এমএ




