
নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের পিটুনিতে আহত মাসুদ শেখ (৪৬) নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারা গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মাসুদ শেখ কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তিনি একই উপজেলা ও ইউনিয়নের শুক্ত গ্রামের মৃত সবর শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার শুক্ত গ্রামে হাডুডু খেলাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। পরে সেটি খেলার মাঠেই প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়; কিন্তু পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে খেলার মাঠ থেকে নিজ বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদকে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মাসুদের ছোট ভাই ওমর সানী শেখ জানান, তার বড় ভাই মাসুদ মাদক বেচাকেনায় বাধা দেওয়ায় শুক্ত গ্রামের সুজন খানের (১৮) নেতৃত্বে মাসুদকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। মাসুদের মাথায় কোপসহ বুক, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ




