
ঢাকার সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দেলোয়ার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম।
তিনি জানান, বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে অভিযুক্ত দেলোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, দেলোয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের একপর্যায়ে পরে ভুক্তভোগী তরুণী বিদেশে যাবে বলে জানায়। এতে অভিযুক্ত দেলোয়ার তার মায়ের মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তার মাকে নিয়ে ওই তরুণীর বাসায় আসতে বলেন। এরপর বৃহস্পতিবার রাতে দেলোয়ার ও তার মা এবং অন্তর নামের এক বন্ধুকে নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ওই তরুণীর বাসায় আসেন৷ এ সময় ওই তরুণীর সঙ্গে দেলোয়ারের মায়ের আলোচনা শেষে তিনি চলে যান এবং দেলোয়ার ও তার বন্ধু ওই তরুণী বাসায় অবস্থান করেন। সে সময় ওই তরুণীকে একা পেয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শুক্রবার দুপুরে ভুক্তভোগী তরুণী সাভার মডেল থানায় দলবদ্ধ ধর্ষণের একটি অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ারকে রোববার আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ




