
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়।
মনোনয়ন পেলেন যারা- কুড়িগ্রাম-১ আসনে( নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলা) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ আসনে ( কুড়িগ্রাম,রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম-৩ আসনে ( উলিপুর উপজেলা) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের ফরেন এ্যাফেয়ার্স সদস্য তাসভীর উল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী,রৌমারী ও রাজিবপুর উপজেলা) রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান।
এদিকে চারটি সংসদীয় আসনে বিএনপি'র প্রার্থীদের নাম ঘোষণা করার পর থেকে কুড়িগ্রাম-২ আসনের সদরের প্রার্থীসহ অন্যান্য আসনূর অন্যান্য প্রার্থীদের পক্ষে বিএনপি'র কর্মী ও সমর্থকগণ আনন্দ উল্লাস করে। একই সাথে প্রার্থীদেরকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করেন নেতাকর্মীরা।
এ ব্যাপারে কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ জানান, দল যাদের মনোনয়ন দিয়েছে আমি একজন ধানের শীষের প্রার্থী হিসেবে ইনশাআল্লাহ আগামী দিনে সবাইকে সাথে নিয়ে কুড়িগ্রাম-২ আসনসহ সকল আসন জয়লাভ করে কেন্দ্র কে উপহার দিতে পারব।
আরটিভি/এমএ




