
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে আটক ৩ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বর্ডার হাট এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাদের তাহিরপুর থানায় সোপর্দ করে।
আটক ব্যক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জের যুবরাজ, সুনামগঞ্জের ছাতকের শিপন মিয়া এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাহিদুল ইসলাম জুনায়েদ।
এর আগে, বুধবার (১২ নভেম্বর) তারা লালগাঁও এলাকার অভ্যন্তরে ঢোকার পর বিএসএফের হাতে আটক হন। আটক ব্যক্তিদের দাবি, তারা ভারতের আজমিরে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন।
এদিকে এ ঘটনায় বিজিবির লাউড়েরগড় ক্যাম্পে কর্মরত সুবেদার মোস্তফা কামাল বাদী হয়ে তাহিরপুর থানায় অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক তিন বাংলাদেশি ভারতের আজমিরে যাওয়ার উদ্দেশে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।
আরটিভি/আরএ




