
বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধের আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার সম্পর্ক থাকবে; দাদাগিরির কোনো সুযোগ নেই।
শনিবার (১৫ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে- এটাই স্বাভাবিক। তবে, নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব হয় না। ক্ষমতায় গেলে পদ্মা-তিস্তার পানি বণ্টন ও ফারাক্কা ইস্যুতে গুরুত্ব দেবে বিএনপি।
তিনি বলেন, পদ্মার পানি বণ্টন নিয়ে মূলত সমস্যা, ২০২৬ সালে চুক্তি শেষ হবে৷ পদ্মার পানি আটকে দিয়ে জীবন-জীবিকা বিনষ্ট করা হয়েছে। দেশের স্বার্থ আগে দেখতে হবে।
আজ চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
আরটিভি/এমএ




