
কুমিল্লায় নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৪৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) ভোরে বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে টমছমব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ব্যানার, লাঠি ও লাইটারসহ ২৯ জনকে আটক করা হয়। একই সময়ে জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ১৫ জনকে আটক করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিরুল ইসলাম বলেন, পুলিশ সুপারের দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা ও জনজীবন স্বাভাবিক রাখতে অভিযান চালানো হয়েছে। অভিযোগ রয়েছে—কুমিল্লার সাবেক এমপি বাহার উদ্দিন বাহারের মেয়ের সহায়তায় নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিলের প্রস্তুতি নেয়। খবর পেয়ে আমরা অভিযানে যাই এবং বেশ কিছু বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করি।
এ ছাড়া শহরের ভেতরে নাশকতা প্রতিরোধে রাত থেকে ভোর পর্যন্ত একাধিক স্থানে তল্লাশি ও অভিযান চালানো হয়।
এদিকে, জেলার অন্যান্য জায়গায় পরিচালিত পৃথক অভিযানে আরও ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি, টহল ও চেকপোস্ট আরও জোরদার করা হয়েছে।
আরটিভি/আরএ




