মাগুরায় পাসপোর্ট করতে এসে মো. রিয়াস (২৪) নামের এক রোহিঙ্গা যুবক পুলিশের হাতে আটক হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ওই যুবক আটক করে পুলিশ।
জানা গেছে, মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মো. রিয়াস (২৪) নামের এক রোহিঙ্গা যুবক পাসপোর্টের পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ হয় কর্তব্যরত কর্মকর্তার। এনআইডিতে তার নাম মো. রিয়াস (২৪), পিতার নাম রতন আলী মৃধা এবং ঠিকানা উল্লেখ ছিল শ্রীপুর উপজেলার আমতৈল গ্রাম।
পাসপোর্ট অফিসের কর্মকর্তারা যুবকের এনআইডির তথ্য যাচাই করে কোনো মিল না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যুবক স্বীকার করেন যে তিনি রোহিঙ্গা এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। এ সময় সে নিজ পরিচয় দিয়ে তিনি জানান, তার প্রকৃত নাম মো. রিয়াজ, বাবার নাম মো. ইলিয়াস।
এ ঘটনা নিশ্চিত করে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক কামাল হোসেন খন্দকার বলেন, পরিচয়পত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি দেখা গেলে আমরা জিজ্ঞাসাবাদ করি। তখন সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। এরপর আমরা পুলিশকে খবর দিলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
আরটিভি/এস




