
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মানবিক উদ্যোগ হিসেবে রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজবাড়ী জেলা শাখা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের বিনোদপুর ডায়াবেটিক সমিতির মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রেসক্রিপশন ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী–পুরুষ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে ভিড় করেন।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, তারেক রহমান সব সময় মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহ দেন। তার জন্মদিনকে ঘিরে আনন্দ-ফুর্তির আয়োজন না করে মানুষের উপকারে কিছু করার চেষ্টা করেছি। ছাত্রদলের কর্মীরা আন্তরিকভাবে কাজ করায় এত বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান তার জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ বা ব্যক্তিকেন্দ্রিক আয়োজন চান না। বরং তিনি মানবিক কাজে উৎসাহ দেন। তারই নির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা, রক্তদান কর্মসূচি, ওষুধ বিতরণসহ মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
আরটিভি/এমএ




