অপহরণ নাটক সাজিয়ে নিজের দ্বিতীয় স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি!

আরটিভি নিউজ

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৪:১৮ এএম


অপহরণ নাটক সাজিয়ে নিজের দ্বিতীয় স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি!
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়া এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে এক কথিত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। পরে জানা যায়, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিলেন।

শনিবার (২২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, ২২ নভেম্বর রাতে হাটহাজারী মডেল থানায় জিডি নং-১৪৮৫-এর ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার অভিযানে চট্টগ্রামের হাটহাজারীর ভুক্তভোগী মো. আবু হানিফকে (৫৫) সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুরাবুইজ্জা পাড়ায় তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে লুকিয়ে ছিলেন।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আবু হানিফ স্বীকার করেন— ১৩ নভেম্বর সকালে নিজের বাড়ি হাটহাজারীর চারিয়া কাজীপাড়া থেকে বের হয়ে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে যান। প্রথম স্ত্রীকে না জানিয়ে সম্প্রতি কুরাবুইজ্জা পাড়ার নুরুল হাকিমের বিধবা মেয়ে সানজিদা বেগমকে (৩৫) তিনি দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহ ও দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে অশান্তির কারণে তিনি দ্বিতীয় বিবাহসহ আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজান।

হানিফ পুলিশকে জানান, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তিনি পরিকল্পিতভাবে নিজের হাত-পা শ্যালক কাসিমকে দিয়ে বেঁধে সমুদ্রপাড়ের ঝাউবাগানে একটি গাছের সাথে বেঁধে ভিডিও ধারণ করান। ধারণকৃত ভিডিওটি পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। উদ্ধারকালে তার কাছে ভিডিওসহ দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড পাওয়া যায়।

পুলিশ জানায়, মুক্তিপণের অর্থ পেলেই দ্বিতীয় স্ত্রী ও সৎ দুই সন্তানকে নিয়ে আবু হানিফের মালয়েশিয়ায় পাড়ি জমানোর পরিকল্পনা ছিল। পরে উদ্ধারের পরে তাকে তার সহোদর ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে এবং বিষয়টি হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও বলা হয়েছে।

আরটিভি/কেএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission