মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ শাহরাইল গ্রামের কৃষক সমেজ উদ্দিন শর্ট সার্কিটের আগুনে সর্বস্বান্ত হয়েছেন। আগুনে পুড়ে মারা গেছে তার ৪টি গরু ও ৪টি ছাগল।
শনিবার (২২ নভেম্বর) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০–১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক।
সমেজ উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় গরু ও ছাগলগুলোকে খাবার খাইয়ে গোয়ালঘর তালা দিয়ে পাশের থাকার ঘরে তিনি ঘুমাতে যান। রাত ১২টার দিকে গরু-ছাগলের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরে আগুন লেগেছে।
তিনি বলেন, চিৎকার শুনে বের হয়ে দেখি গোয়ালঘর পুরো আগুনে ঘেরা। বাড়ির লোকজন ও আশপাশের মানুষ দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর মধ্যেই আমার গোয়ালঘর ভস্মীভূত হয়ে যায়। ৪টি গরু ও ৪টি ছাগলও পুড়ে মারা যায়। ধারণা করছি, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, গবাদিপশুগুলোই ছিল আমার সম্বল। কৃষিকাজ ও গরু-ছাগল লালনপালন করেই সংসার চালাতাম। এখন সর্বস্ব হারিয়ে চোখে সর্ষে ফুল দেখছি। অন্তত ১০–১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিপদের সময় এলাকাবাসী, ধনাঢ্য ব্যক্তি ও সরকারি সহযোগিতা কামনা করছি।
আরটিভি/এএএ





