
নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় মুনলাইট গার্মেন্টস-সংলগ্ন রাস্তার ওপরে বিদ্যুতের খুঁটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল রহমান নামে এক ঠিকাদারের হয়ে মুনলাইট গার্মেন্টসের সামনে ১২ থেকে ১৩ জন শ্রমিক বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ট্রান্সফরমার মেরামতের কাজ করছিলেন। এক পর্যায়ে আচমকা বৈদ্যুতিক সংযোগ চালু হলে নজরুল ইসলাম ও তার সহকর্মীরা বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয় এবং দুজন গুরুতর আহত হন।
সিদ্ধিরগঞ্জের আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাই। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম গণমাধ্যমকে বলেন, বিদ্যুতায়িত হয়ে নজরুল নামে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুজনকে খানপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
আরটিভি/আইএম




