
বাগেরহাটের সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর রাতের কোনো এক সময় ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির ব্যাংকের মোড় কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। তবে পরিকল্পিত ভাবে শুধু ভিতরের জিনিসত্রে আগুন দেওয়ায় সারাদিন বাইরে থেকে বোঝা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস খুলে এ অবস্থা দেখেন তারা।
নেতাকর্মীদের ধারণা, রাতে পেছন দিক থেকে পেট্রোল বা অন্য কোনো জ্বালানি ঢেলে আগুন লাগানো হয়েছে। বুধবার রাতে কার্যালয়ে একটি মিটিং শেষে নেতাকর্মীরা বের হয়ে যান। পরে ভোরের দিকে দুর্বৃত্তরা সুযোগ বুঝে আগুন ধরিয়ে দেয় বলে সন্দেহ তাদের। অগ্নিকাণ্ডে ৫০টি চেয়ার, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি, এবং অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
এ বিষয়ে কাড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, স্থানীয় নেতাদের মাধ্যমে খবর শুনে ঘটনাস্থলে এসে দেখি ভেতরের সবকিছু পুড়ে শেষ। এটা সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। যারা এ ঘটনার সাথে জড়িত, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন বলেন, বিভিন্ন সময় আমাদের একাধিক অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা নোংরা রাজনীতি করতে চাই না। আশাকরি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে।
বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ




