
অভাবের সংসারে বেড়ে ওঠা রেজাউল করিমের। পড়াশোনা করেন মঠবাড়িয়া সরকারি কলেজে। স্বপ্ন দেখেছিলেন, পড়া শেষে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন কিন্তু হলো না। এখন তার দিন কাটছে হাসপাতালে ঘুরে ঘুরে। রেজাউল মুখ দিয়ে কোন কথা বলতে পারেন না। কিছু চাইতে হলে ইশারা দিয়ে বলতে হয়।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর মিঠাখালী গ্রামে বসবাস করেন। চলতি বছরের অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর তার বুকে টিউমার ধরা পড়ে। এরপর চা দোকানি বাবা সেলিম হাওলাদার ও গৃহিণী মা এমিলি বেগমের যুদ্ধ শুরু হয়। তারা সব সঞ্চয় খরচ করেন একমাত্র ছেলের চিকিৎসায়। নিতে হয় ঋণ ও কিন্তু রেজাউল সুস্থ হননি। ছেলেকে বাঁচাতে নিঃস্ব বাবা-মা। বাড়ির ভিটা টুকু ছাড়া সব শেষ।
রেজাউলের বাবা সেলিম হাওলাদার আরটিভিকে জানান, ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে ওজন দিন দিন কমে যাচ্ছে। বর্তমানে তাকে ঢাকা মহাখালী ক্যানসার হাসপাতাল থেকে ১টি কেমোথেরাপি দেয়া হয়েছে। চিকিৎসা ব্যয় মেটাতে ২০ থেকে ২১ লাখ টাকা প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। পুরো পরিবার ভেঙে পড়েছেন। তার কীভাবে এত টাকা জোগাড় করবেন, তা জানেন না। এ জন্য সবার আর্থিক সহায়তার আশা করছেন। রেজাউলের মা জানান, দেশে অনেক মানবিক মানুষ আছেন। তারা সাহায্য করলে আমরা ছেলেটাকে বাঁচাতে পারব।
বাড়ির পাশে চায়ের ছোট দোকান ছিল। সেটিও অনেক দিন ধরে বন্ধ রাখা হয়েছে। পরিবারের খরচ চলছে অন্যের সহযোগিতায়। ইতোমধ্যে ছেলের পেছনে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দেনা হয়েছেন তিন লাখ টাকা।
রেজাউলের মা এমিলি বেগম আরটিভিকে জানান, আমার একমাত্র ছেলে এভাবে চোখের সামনে অসুস্থ হয়ে পড়ে আছে। আমি সারারাত ঘুমাতে পারিনা। আমার ছেলেকে বাঁচাতে চাই। আমার ছেলের না বাঁচলে, আমিও বাঁচতে চাই না
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাবাসী ও স্বেচ্ছাসেবীরা যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলেও প্রয়োজনীয় অর্থ এখনো সংগ্রহ হয়নি। তারা দেশের বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। যুবক রেজাউল এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। একটু সহায়তা ফিরিয়ে দিতে পারে তার হাসি রক্ষা করতে পারে একটি জীবন
রেজাউলের ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার মো. শফিকুল আলম বলেন, বিষয়টি খুবই কষ্টকর। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান এই কর্মকর্তা।
আর্থিক সহায়তা-
ব্যাংক হিসাব নম্বর: ৩২৭৭১১১০১১৩০৮০৫
নাম: এমিলি বেগম (রেজাউল এর মা)
উত্তরা ব্যাংক (মঠবাড়িয়া ব্রাঞ্চ), পিরোজপুর।
আরটিভি/এএএ




