
বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল ১৩টি পদের মধ্যে ১০টিতে জয় পেয়েছে। সভাপতি পদে শেখ মো. রেজাউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। অপরদিকে জামায়াত সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিল তিনটি পদে জয়লাভ করে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান খান (মুক্তা) ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
সভাপতি পদে রেজাউর রহমান (প্রাপ্ত ভোট ৪৫১) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট ৪৫৫) নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে সাফি আহমেদ (মিঠু) ও আতিকুল মাহবুব (সালাম), যুগ্ম সম্পাদক পদে এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে চারটি পদে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও আল আমিন (রাসেল)।
অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল হতে যুগ্ম সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক (৩) ও ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরী সদস্য একটি পদে বাবুল রহমান নির্বাচিত হয়েছেন। রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের মতো পুনর্নিনির্বাচিত হয়েছেন।
এর আগে শুক্রবার সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত সমিতির গওহর আলী ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
আরটিভি/এফএ




