
চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছিতে সোহেল (২০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আশরাফুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।
সোহেলের বাবা আশরাফুল হক হক বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুক ও হারুনের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা কিংবা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে তাদের মধ্যে মারামারি হয় এবং সোহেলকে হত্যার হুমকি দেয় ফারুক। এরই জের ধরে ফারুক আমার ছেলেকে জবাই করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।
সোহেলের ছোট ভাই জুয়েল বলেন, সম্প্রতি ফারুকদের পেয়ারা বাগানের একটি ডাল ভাঙাকে কেন্দ্র করে আমার ভাইকে তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরে। এরপরই রাতের কোনো সময় ফারুক আমার ভাইকে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। আমি তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক খালেদুর রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে সোহেলকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।
আরটিভি/আইএম




