
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অংশ নেন- চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, মনছুর আলম চৌধুরী, হাফেজ জয়নাল আবেদীন, এসএম সফিউল আলম, শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন চৌধুরী, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল ও মোরশেদুল আলম।
দোয়া মাহফিলে হেফাজত আমির বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেতৃত্ব। এ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম।
তিনি বলেন, দেশের এই কঠিন সময়ে বেগম জিয়ার দ্রুত সুস্থতা প্রয়োজন। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন।
এ সময় চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি প্রধান স্তম্ভ। তার সুস্থতাই দেশের মানুষের প্রত্যাশা।
আরটিভি/এমএ




