বিএসএফ আগ্রাসন ঠেকাতে সীমান্তে কাস্তে হাতে ভাইরাল কৃষককে বিজিবির সংবর্ধনা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ১২:৫২ পিএম


বিএসএফ আগ্রাসন ঠেকাতে সীমান্তে কাস্তে হাতে ভাইরাল কৃষককে বিজিবির সংবর্ধনা
ছবি: সংগৃহীত

বেআইনিভাবে বাংলাদেশের জমিতে সম্প্রতি কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির পক্ষ থেকে এ কাজে বাধা দেওয়া হলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয়। এ সময় মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পিছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় এক কৃষক। মুহূর্তেই ওই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

এবার সেই ভাইরাল হওয়া কৃষক বাবুল আলীকে সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা যায়, চলতি বছরের জানুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির পক্ষ থেকে এ কাজে বাধা দেওয়া হলে চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয়। এসময় মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পিছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল আলী। মুহূর্তেই ওই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সংবর্ধিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কৃষক বাবুল আলী গণমাধ্যমকে বলেন, খুব ভালো লাগছে। জানুয়ারি মাসে যেমনভাবে আমিসহ সীমান্তের মানুষ ভারতীয় আগ্রাসনের প্রতিরোধ গড়ে তুলেছিল। তেমনি আগামীতেও এমন ঘটনা ঘটলে আমরা সীমান্তে প্রতিরোধ গড়ে তুলব। দেশের মাটিকে সম্পূর্ণ নিরাপদ রাখতে আমরা সকলে বদ্ধপরিকর রয়েছি।

বিজ্ঞাপন

ওই দিনের বিষয়ে জানতে চাইলে কৃষক বাবুল আলী বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খনন করছিল, এসময় বাঁধা দেয় বিজিবি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছিলাম। কারণ দেশের মাটি কাউকে দখল করতে দেব না। এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করব না। এজন্যই সাহস নিয়ে বিজিবির পাশে কাস্তে হাতে বসে ছিলাম।

বিজিবির ৫৯ ব্যাটলিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন। এসময় সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের সীমানা রক্ষার্থে সীমান্তবর্তী জনগণের সাহসের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মোস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, র‍্যাবের বিভিন্ন স্তরের কর্মকর্তা প্রমুখ।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission