
খুলনার রূপসা উপজেলায় বাথরুমের ভেতর থেকে ফেরদৌস হোসেন (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ফেরদৌস যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
শনিবার (৬ ডিসেম্বর) নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফেরদৌস হোসেন রূপসা উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে ক্যাম্পে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রাতে ক্যাম্পের বাথরুমের ভেতর থেকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমএ




