
বরিশাল সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের দপ্তরখানা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি দোকান ও একটি বসতবাড়ি পরিদর্শন করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত খোঁজ নেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন।
এসময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হঠাৎ করেই সর্বস্ব হারিয়েছে। এই দুর্দিনে মানবিক দায়িত্ব থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিএনপি সব সময় মানুষের সুখ-দুঃখের সঙ্গী ছিল এবং থাকবে।
তিনি আরও বলেন, দুর্যোগকালীন সময়ে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দ্রুত ক্ষতিগ্রস্ত দোকান ও বসতঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি শনিবার বিকেল ৫টায় দপ্তরখানা এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে কয়েকটি পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

এর আগে, শনিবার (৬ ডিসেম্বর) বরিশাল সদর রোডস্থ নিজস্ব কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘বরিশাল জুলাই যোদ্ধা পরিষদের’ আয়োজিত দোয়া ও মিলাদ কর্মসূচিতে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির নেত্রী নন-তিনি সততা, দেশপ্রেম, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক।
তিনি বলেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কোনো আপোষ করেননি। যার কারণে খালেদা জিয়ার রাজনৈতিক শত্রুরাও তাকে আপোষহীন নেত্রী হিসেবে শ্রদ্ধা করে।
তিনি আরও বলেন, দেশপ্রেম, সততা ও গণতন্ত্রের প্রশ্নে তিনি তার নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আগামী জাতীয় নির্বাচনে জনগণ খালেদা জিয়ার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করবে। এই কারণে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীরাও বাধ্য হয়ে খালেদা জিয়ার প্রশংসা করছেন। কিন্তু গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেমন ফল হয় না, তেমনি খালেদা জিয়ার প্রশংসা করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীরা ভোটারদের মন জয় করতে পারবে না।
অনুষ্ঠানটি বরিশাল জুলাই যোদ্ধা পরিষদের আহ্বায়ক মো. রহমাতুল্লাহ সরদার সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন— বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মো. তারিক সুলায়মান, মহানগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব মো. নাজমুস সাকিব, মহানগর বিএনপি নেতা মো. নুরুল মোমেন কোটন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হেসেন, চরমোনাই ইউনিয়ন বিএনপি নেতা মো. মোসলেম উদ্দিন, আহত জুলাই যোদ্ধা মো. শানু আকন মো. জহির হোসেন, সাঈদ ডাক্তার, মিলন সরদার, মো. গোলাম রাব্বি, নজরুল ইসলাম। এ ছাড়া বরিশাল জেলা, মহানগর ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
আরটিভি/একে




