কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বাসায় জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী ভিটাপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফ বলেন, রাত ১১টার দিকে ৯৯৯- এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনের স্বামীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আরটিভি/একে





