
শরীয়তপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সখিপুর থানার ধর্মবিষয়ক সম্পাদক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ ইউনুস আলী মোল্লা।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকায় সরদার বংশের মিলনমেলায় তিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তুমুল সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ তাকে ‘মীরজাফর’ আখ্যা দিচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ।
এ সম ইউনুস আলী মোল্লা তার বক্তব্যে বলেন, ‘২০১৬ সালে চেয়ারম্যান ছিলাম, তখন আমাকে কোনো কাজ দেয় নাই। পরে রাগ করে ৫ বছর চেয়ারম্যানি করি নাই। এরপর দেখি এলাকায় উন্নয়ন হয় না। পরে আবার আ.লীগের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি (চেয়ারম্যান হইছি)।’
তিনি বলেন, ‘এলাকার উন্নয়ন করেছি—স্কুল, মাদ্রাসা, বেড়িবাঁধ করেছি। এখন হেরা (আ.লীগ) গেছে পালাইয়া, আমি কি করব? আমার কিছু করার আছে? এখন কিরণ ভাই মাঠে আছে, আমরা কিরণ ভাইয়ের সঙ্গে আছি। আমার সিদ্ধান্ত কি ঠিক আছে? আপনারা কি সবাই খুশি? আমি আপনাগো সঙ্গে আছি ইনশাল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আজকে থেকে সবাই মাঠে নামবেন। কিরণ ভাই ধানের শীষ ছাড়া আমরা কিছু বুঝি না। আগের এমপিরা দুধে ধোয়া না। কিরণ ভাই ভালো মানুষ। আপনারা তার পক্ষে থাকবেন, ধানের শীষে ভোট দেবেন।’
আরটিভি/এফএ




