
ভোলার চরফ্যাশনে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের শতাধিক সুপারি গাছ কেটে নিয়েছেন স্থানীয় সোলাইমান ও আবুল কালাম। এমনই অভিযোগ করেছেন কৃষক বেল্লাল হোসেন। এই ঘটনায় ভুক্তভোগী কৃষক বাদী হয়ে শুক্রবার চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে শুক্রবার জুমার নামাজ চলাকালীন আমিনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। কৃষক বেল্লাল ও অভিযুক্ত সোলাইমান এবং আবুল কালাম একই এলাকার স্থানীয় বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি কৃষি জমিতে অভিযুক্তদের সাথে কৃষক বেল্লালের পরিবারের দীর্ঘ বছর ধরে বিরোধ চলছে। এ বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।
কৃষক বেল্লাল বলেন, ‘দীর্ঘ দেড় বছর ধরে আমি এই জমিতে চাষাবাদ করে ভোগদখলে আছি। আমি চলতি মৌসুমে ধান চাষ করেছি এবং জমির পশ্চিমাংশে শতাধিক সুপারি ও কলা গাছ রোপণ করেছি। সোলাইমান ও আবুল কালামের নেতৃত্বে পনেরো থেকে বিশজন মিলে মুসল্লির বেশভূষা ধরে জুমার নামাজ চলাকালে তারা ধারালো দা-ছেনি দিয়ে আমার রোপন করা শতাধিক সুপারি ও কলা গাছ কেটে ফেলে চলে যায়। তারা জালিয়াতি করে নিজেদের নামে উক্ত জমি রেকর্ড করে নেয়।’
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সোলাইমান বলেন, ‘আমরা ১০২ বছর পর্যন্ত ভোগদখলে আছি। গাছ কাটার সময় আমি ছিলাম না।’ গাছ কাটার সময়ে এক প্রতিবেশীর মোবাইল ক্যামেরায় তোলা একটি স্থিরচিত্রে আপনাকে গাছ কাটতে দেখা গেছে। এমন প্রশ্নের জবাবে তিনি এড়িয়ে যান।
এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গির বাদশা বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরটিভি/এফএ




