
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাসহ তিনজন মাইক্রোবাসের চাপায় আহত হয়েছেন। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে মোটরসাইকেলে ফেরার পথে তাদের মাইক্রোবাসচাপায় হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– এনসিপির রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আব্দুল বারী এবং সাংবাদিক সোহানুর রহমান সোহান। সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মিডিয়া সেলের সদস্য। তিনজনই একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাজু ও সোহান বাড়ি ফিরে যান। আব্দুল বারীর একটি পা ভেঙে গেছে; তিনি হাসপাতালে ভর্তি আছেন। সাজুর দুই পা ও হাতের কবজিতে আঘাত লেগেছে, সোহানের হাতেও জখম হয়েছে। সন্ধ্যায় সাজু ও সোহান মতিহার থানায় অভিযোগ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন।
সাজু জানান, বিকেলে জেলা এনসিপিতে আওয়ামী লীগের ‘পুনর্বাসনের’ অভিযোগ তুলে তারা একটি সংবাদ সম্মেলন করেন। সেখান থেকে কাটাখালীর দিকে যাওয়ার সময় উল্টোপথে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দেওয়ার চেষ্টা করে।
তিনি বলেন, রাজশাহী-নাটোর মহাসড়কটি ফোর লেন হওয়ায় উল্টোপথে গাড়ি আসার কথা নয়। তবুও মাইক্রোবাসটি ইচ্ছাকৃতভাবে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। গাড়িটির পেছনে আরও চারটি মোটরসাইকেল ছিল, ধাক্কার পর সবাই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এটি পরিকল্পিত হত্যার চেষ্টা। এ ঘটনায় আমরা থানায় অভিযোগ দিতে এসেছি।
এ বিষয়ে রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘বিষয়টা আমি এখনো জানি না। ওসির সঙ্গে কথা বলে জানার পরে বলতে পারব। এমন ঘটনা ঘটলে পুলিশ অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবে।’
আরটিভি/এফএ




